ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ব্যতিক্রমী এক ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি তার গভীর সমর্থন থেকেই এসেছে এই উদ্যোগ। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য থাকবে বিশেষ সুবিধা।
শুক্রবার (৫ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তার এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার আনন্দঘন প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি পেশাগত পরিসরে একটি ব্যতিক্রমী সৃজনশীল উদ্যোগ।
এ বিষয়ে অ্যাডভোকেট মিঠুন সাহা বলেন, আইন পেশা যেমন দায়িত্বশীল, তেমনি মানুষের সঙ্গে সম্পর্ক ও আন্তরিকতাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার সঙ্গে নিজেকে যুক্ত করতেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য তৈরি করে। তার এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা এবং ফুটবলপ্রেমীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।
ঘোষণার পর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশংসা ও প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ এটিকে আইনসেবার ক্ষেত্রে একটি ভিন্নধর্মী প্রচারণা বলেও মন্তব্য করেছেন।
অ্যাডভোকেট মিঠুন সাহার চেম্বার ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। চেম্বারের সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট এবং অন্যান্য দিন বিকাল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত সেবা প্রদান করা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.