নড়াইল প্রতিনিধি: নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে যান প্রতিবেশী রবিউল। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। একই দিন সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২২ জুলাই রবিউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই রবিউল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আদালত ১৯ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

রায় ঘোষণাকে ঘিরে বুধবার সকালে পুলিশ পাহারায় রবিউলকে আদালতে আনা হয়। এ সময় নিহত শিশুটির স্বজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আদালত চত্বরে উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।