নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর শহরে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি আবাসিক বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে সিংড়া পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জরুরি কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ঘরের আলমারির তালা ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং নারীদের ব্যবহৃত প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে জানালার গ্রিল ভাঙা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন বলেন, “জরুরি কাজে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব শেষ। দিনের আলোতে এমন জনবহুল এলাকায় জানালা ভেঙে চুরি হবে, তা কল্পনাও করিনি। দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর ব্যবস্থা চাই।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। জনবহুল পৌর এলাকায় দিনদুপুরে এমন চুরির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”