সিরাজগঞ্জ প্রতিনিধি; শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে রক্তমাখা চিঠির মাধ্যমে ডাকাতির হুমকি এবং একের পর এক চুরির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু।

পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, গ্রামে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং একাধিক টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিতে লাঠি, টর্চ ও বাঁশি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। “গ্রামবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের,” বলেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে টেকুয়াপাড়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা নিজেদের “রঘু ডাকাত” পরিচয়ে অন্তত ১৫টি বাড়িতে হুমকিমূলক চিঠি পাঠিয়েছে। এর মধ্যে একটি চিঠিতে রক্তের দাগও পাওয়া যায়, যা এলাকায় আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। চিঠিতে দরজা খোলা রাখার নির্দেশ দিয়ে না মানলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এর আগে একই এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। লকার ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের পাশাপাশি প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় চুরির অভিযোগও পাওয়া গেছে। এছাড়া গ্রিল কেটে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনাও ঘটেছে।

চুরি ও হুমকির ঘটনায় ঈদকে সামনে রেখে গবাদিপশু ও সম্পদ নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন স্থানীয় খামারিরা। রাতে ঘুম হারাম হয়ে যায় অনেক পরিবারের।

পুলিশ সুপারের আশ্বাস ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আতঙ্ক কিছুটা কমেছে, তবে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।