পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (১৫ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সেলন্দা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. আবু সাইদ। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ নম্বর সারণির ১৯(ক) ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মো. নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু সাইদকে নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত দণ্ডাদেশ দেন।

রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত আবু সাইদকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।