সাঁথিয়া প্রতিনিধি: আইনের তোয়াক্কা না করে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা গ্রাম্য সালিশে মাত্র ২০টি জুতাপেটা করে ‘আপোশ-মীমাংসা’ করার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের হাঁড়িয়াকাহন গ্রামে। আইনের আশ্রয় না নিয়ে সালিশের মাধ্যমে এমন গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা: ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী মহব্বত আলি খাঁ (৫৫)। মহব্বত ওই গ্রামের মৃত তায়জাল খাঁর ছেলে। সে সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মহব্বত আলিকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।

থানা পুলিশ নয়, সালিশে ‘ফয়সালা’ : গুরুতর এই অপরাধের পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ করার কথা থাকলেও, প্রভাবশালীদের হস্তক্ষেপে ঘটনা ভিন্ন খাতে মোড় নেয়। আইনি ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ওই দিন সন্ধ্যায় তড়িঘড়ি করে হাঁড়িয়াকাহন গ্রামে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সেখানে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে মহব্বত আলিকে দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে ‘২০টি জুতার বাড়ি’ দেওয়ার রায় ঘোষণা করা হয়। ভরা মজলিশেই সেই রায় বাস্তবায়ন করে ঘটনাটি চিরতরে চেপে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা বিরোধ না করতে ভুক্তভোগী পরিবারকে সতর্ক করে দেওয়া হয়।

ভাইরাল ভিডিও: এদিকে সালিশে জুতা মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত মহব্বত আলিকে সবার সামনে গুনে গুনে জুতা দিয়ে আঘাত করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ও সালিশকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

পুলিশ যা বলছে: এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, “ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আইন বিশেষজ্ঞদের মতে, ধর্ষণ বা ধর্ষণচেষ্টার মতো আমলযোগ্য ফৌজদারি অপরাধ গ্রাম্য সালিশে মিটমাট করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।