পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর পৃথক দুই অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবীদের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নের পূর্ব করমজা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আব্দুল হাকিম (২৩) এর নিজ শয়নকক্ষ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল হাকিম ও মো. মোজাম (২৮) নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

একই দিনে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হানের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আলাউদ্দিন প্রামানিক (৩১) ও মো. শুকুর প্রাং (২৭) নামে দুই মাদকসেবীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।