সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
শুক্রবার (৫ জুন) পাবনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাঁথিয়া থানা পুলিশ পৌর এলাকার পিপুলিয়া গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শামিম (২৫)-কে গ্রেপ্তার করে। তিনি মৃত মেজাম্মেল হকের ছেলে।
গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না নির্ভয় তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগকারী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.