রাজনীতি ডেস্ক
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে নজরুল সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সাম্য ও মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন-সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, অন্যায়, অত্যাচার ও অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া গেছে। গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও নজরুলের আদর্শ অনুপ্রেরণা জুগিয়েছে।

এর আগে সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।