পাবনা প্রতিনিধি: পাবনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে। কলেজটিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স ফাইনাল) কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে এ দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগে বিশেষ ভূমিকা রাখায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজসংশ্লিষ্ট বিভিন্ন মহল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিভুক্তি-সংক্রান্ত ফি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে বিষয় দুটিতে স্নাতকোত্তর কোর্স চালুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
কলেজসংশ্লিষ্টদের মতে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে মাস্টার্স কোর্স চালুর ফলে পাবনা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অন্য জেলায় গিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয়তা ও ভোগান্তি কমবে। স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার পরিসর বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল বলেন, “এমপি মহোদয়ের বিচক্ষণতায় আমাদের প্রতিষ্ঠান নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের মানোন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার ফসল হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর কোর্স যুক্ত হয়েছে। আমরা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “সরকারি এডওয়ার্ড কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনে এমন সাফল্য ও নতুন মাত্রা যুক্ত করার জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।”
অন্যদিকে, শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলেন পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কামরুজ্জামান প্রিন্স। তিনি জানান, শিক্ষার্থীবান্ধব ও সেশনজটমুক্ত সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পাবনা জেলা ছাত্রদল বদ্ধপরিকর। ক্যাম্পাসে চাঁদাবাজি, সন্ত্রাস ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করে পড়ালেখাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এডওয়ার্ড কলেজে নতুন দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর ফলে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সুযোগ বাড়বে এবং পাবনার শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা নিজ জেলায় থেকেই আরও বেশি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

Leave a Reply
You must be logged in to post a comment.