পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ রুবেল পারভেজ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে আগের সাতটি মামলা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা পূর্বপাড়ার একটি লিচুবাগানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই লিচুবাগানের দক্ষিণ-পূর্ব কোণে একটি গাছের নিচে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেল পারভেজকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর পরনের লুঙ্গির কোচর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুবেল পারভেজ ঈশ্বরদী উপজেলার দীঘা পূর্বপাড়া গ্রামের মৃত সাইদুর রহমান ও মৃত সুফিয়া বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, তিনি পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।