বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত পাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম সহ অন্যান্যরা। সোমবার সকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে। ছবি : নিজস্ব।
পাবনা প্রতিনিধি: শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠনে অগ্রযাত্রা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পাবনায়ও নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, জ্ঞান ও মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের যথাযথ মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।

Leave a Reply
You must be logged in to post a comment.