পাবনা প্রতিনিধি: পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে দুটি ট্রাক ও একটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপন ও ব্যবহারের অপরাধে দুটি ট্রাক ও একটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।