অনুষ্ঠান মঞ্চে একদম ডান পাশে বসে আছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে। ছবি : নিজস্ব।

পাবনা প্রতিনিধি: মানুষকে সম্মান করলে সৃষ্টিকর্তার পক্ষ থেকেও সম্মান পাওয়া যায়। কিন্তু বর্তমান সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধ যেন ক্রমেই কমে যাচ্ছে। এর মধ্যেই পাবনায় একটি অনুষ্ঠানে জ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) পাবনা প্রেসক্লাবে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা ও ব্যবসায়ী রানা বিশ্বাসসহ অন্যরা।

মঞ্চে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের চেয়ে বয়স ও অভিজ্ঞতায় জ্যেষ্ঠ এবং তাঁর শিক্ষক হিসেবে পরিচিত শিক্ষাবিদরা উপস্থিত থাকায় তাঁদের প্রতি সম্মান দেখিয়ে তিনি মঞ্চের একপাশে গিয়ে চেয়ারে বসেন। তবে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ তাঁদের নিজ নিজ নির্ধারিত চেয়ারেই ছিলেন।

সংসদ সদস্যের এমন আচরণ অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে। উপস্থিতদের মধ্যে বিষয়টি নিয়ে প্রশংসাও দেখা যায়। অনেকেই মনে করেন, পদ-পদবি কিংবা ক্ষমতার চেয়ে জ্ঞান, বয়স, অভিজ্ঞতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এই সংস্কৃতিই সমাজে আরও বেশি চর্চা হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সুধিজনরা আলোচনা করেন, একজন মানুষ অন্য একজনকে সম্মান করলে সেই সম্মানই কোনো না কোনোভাবে তার কাছে ফিরে আসে। পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও সামাজিক শিষ্টাচার একটি মানবিক সমাজের অন্যতম ভিত্তি। তাই পদ-পদবির ঊর্ধ্বে উঠে জ্যেষ্ঠ ও গুণীজনদের সম্মান করার সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের মধ্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাসের এই আচরণ উপস্থিতদের কাছে হয়ে ওঠে জ্যেষ্ঠ ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।