পাবনা প্রতিনিধি: ভোক্তা অধিকার ও বাজারে প্রচলিত নানা অনিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে পণ্য কেনার সময় মূল্য, মান, পরিমাণ ও মেয়াদ যাচাইয়ের পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ বুলবুল সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন বলেন, ভোক্তা অধিকার সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে। তাই পণ্য কেনার সময় মূল্য, মান, পরিমাণ ও মেয়াদ যাচাইয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ভোক্তার অধিকার, ব্যবসায়ীদের দায়িত্ব, পণ্যের মূল্য ও মান যাচাই এবং অনিয়মের প্রতিকার পাওয়ার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। পরে তার পরিচালনায় ভোক্তা অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল।

বক্তারা বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য, ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে সচেতন ভোক্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো অনিয়মের শিকার হলে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি পণ্য কেনার রসিদসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণের পরামর্শ দেন তারা।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।