পাবনা প্রতিনিধি: পাবনায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজমুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঘবপুর পিএন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, নাজমুলের বসতবাড়ির সামনের গলির রাস্তায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নাজমুল। এ সময় তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোচর থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হক পাবনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঘবপুর পিএন রোড এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল উদ্ধার করা ইয়াবা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।