পাবনা প্রতিনিধি: পাবনা পৌরসভার রাধানগর মজুমদারপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) পাবনা সদর থানার একটি চৌকস দল রাধানগর মজুমদারপাড়ায় অভিযান চালায়। এ সময় খন্দকার শাহরিয়ার কবির রিমনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার ব্যবহৃত ওয়ারড্রপের প্রথম ড্রয়ারে থাকা একটি দিয়াশলাইয়ের প্যাকেটের ভেতর থেকে .২২ বোরের রিভলবারের আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ওই শয়নকক্ষের টয়লেটের অকেজো ফ্লাশ ট্যাংকের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় আট চেম্বারবিশিষ্ট একটি .২২ ক্যালিবারের রিভলবার পাওয়া যায়।
পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর রাত ৪টা ৪০ মিনিটের দিকে অভিযান শেষে রিমনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাধানগর মজুমদারপাড়ার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে।
এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.