পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সেলিম হোসেন পাবনা সদর উপজেলার রাধানগর (মোক্তবের পিছনে) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আকরাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানা এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় খবর পাওয়া যায়, পাবনা পৌরসভার গাছপাড়া গোলচত্বর সংলগ্ন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
পুলিশ আরও জানায়, পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে জিপারযুক্ত নীল পলিথিনে রাখা ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। পরে ঘটনাস্থলেই সেগুলো জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম হোসেন ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আসামিকে আটকের সময় ধস্তাধস্তিতে সেলিম হোসেন ও ডিবি পুলিশের কনস্টেবল মো. উজ্বল আলী সামান্য আহত হন। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.