পাবনা প্রতিনিধি: পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজিনুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মকালীন সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার স্মৃতিচারণে অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

মঙ্গলবার (১১ আগস্ট) পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। নবাগত পুলিশ সুপার মো. আবু আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী কর্মকর্তা রেজিনুর রহমানের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করে বক্তারা বলেন, পাবনায় দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর বদলিতে জেলা পুলিশ একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাকে হারাল।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আবু আশ্রাফ বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার জন্য রেজিনুর রহমানের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী বক্তব্যে মো. রেজিনুর রহমান পাবনায় কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। দায়িত্ব পালনকালে সহকর্মী ও জেলা পুলিশের সদস্যদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসব স্মৃতি তাঁর কর্মজীবনের অমূল্য অর্জন হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, ডিআইও-১, ওসি (ডিবি) পাবনাসহ বিভিন্ন শাখা ও শেরেস্তার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা মো. রেজিনুর রহমানের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।