পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত দুই দিনের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) ও বৃহস্পতিবার (৬ আগস্ট) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার ভাড়ারা, ইসলামগাতী ও মুকুন্দপুর এবং ঈশ্বরদী উপজেলার জয়নগর, মশুরিয়াপাড়া ও ফতে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঈশ্বরদী উপজেলার জয়নগর বাবুপাড়ার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সালাম (৪০), পাবনা সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. সুলেমান প্রাংয়ের ছেলে মো. আব্দুল হামিদ (৪৮), ভাড়ারা গ্রামের মো. কালু শেখের ছেলে মো. সূর্য শেখ (৫০), ইসলামগাতী গ্রামের মৃত ছাত্তার শেখের ছেলে মো. লাল প্রাং (৫০), ঈশ্বরদী উপজেলার জয়নগরের মো. সেকেন্দারের ছেলে মো. রবিউল (৫৫) এবং মশুরিয়াপাড়া গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৬)।
আসামিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান এবং উপপরিদর্শক মোহাম্মদ শের আলম। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ২০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.