পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ জুলাই) পাবনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের মাহমুদুল হাসান নাছিম, দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের সাকিব হোসেন এবং একই ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের তারেক রহমান।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে গৃহবধূর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন অভিযুক্ত ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় অপর দুইজন ঘটনার ভিডিও ধারণ করে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর মায়ের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পাবনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।