পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ফরিদপুর থানার উত্তর থানাপাড়া গ্রামের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১.৫ (দেড়) কেজি গাঁজাসহ বর্ষা রানী দেবনাথ (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বর্ষা রানী দেবনাথ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের টেকপাড়া পিরিজ কান্দি গ্রামের শ্রী উত্তম বিশ্বাসের স্ত্রী।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এদিকে, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়।

আটকরা হলেন, পাবনা সদর উপজেলার মোকন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. সবুজ (৩২) এবং দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো. লোকমানের ছেলে রুবেল বিশ্বাস (৩৫)।

ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৯০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।