পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম-এর নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর ও কবিরপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত কফিল বিশ্বাসের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৮) এবং চর আশুতোষপুর গ্রামের মো. আমজাদ মোল্লার ছেলে মো. সৌরভ হোসেন (৩২)

ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকরের জন্য তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই ২০২৬ মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংক্রান্ত অপরাধে ৭৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।