পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে সদর সার্কেল টিম গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে খয়েরসুতি দক্ষিণপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৩০)-এর নিজ দখলীয় বসতবাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কবির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক মো. জামালুর রহমান।

এদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলার খয়েরসুতি ও বলরামপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে তিন মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খয়েরসুতি গ্রামের মৃত আকবর প্রাংয়ের ছেলে মো. আলাউদ্দিন (৫৮), আরিফপুর গ্রামের মো. ইবাদত শেখের ছেলে মো. রমজান শেখ (২৮) এবং বলরামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. নয়ন (৩০)

ডিএনসির উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। পরে আদালত তিনজনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে ৬০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।