পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার লস্করপুরে হোসেন আলী (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-১২ পাবনা, র্যাব-৭ সিপিএসসি এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হামিদ (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার জাফরাবাদ (পুরাতন পাড়া) গ্রামের মৃত করিম উদ্দিন প্রাংয়ের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ পাবনা সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলার (মামলা নং-২৩, তারিখ: ৯ জুন ২০২৬) এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জুন বিকেলে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারস্থ জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফছানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.