খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদী উপজেলা। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনের সব ধরনের চর্চাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ক্রীড়া সাফল্যকে আরও এগিয়ে নেওয়া। দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস) থেকে শুরু করে অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাই সরকারের উদ্দেশ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অধিকাংশ অভিভাবক সন্তানকে চিকিৎসক, প্রকৌশলী বা আইনজীবী হিসেবে দেখতে চান। তবে এখন সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে একজন খেলোয়াড় হিসেবেও সন্তান সফল ও প্রতিষ্ঠিত ক্যারিয়ার গড়তে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে কাজ চলছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ঈশ্বরদী উপজেলা দল। নির্ধারিত সময়ে ৩-১ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

Leave a Reply
You must be logged in to post a comment.