পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পাবনা সদর উপজেলার লস্করপুর ও কবিরপুর এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া ও রূপপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. নাজমুল (৪৬), দোহারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. ফারুক (৪০), মহেন্দ্রপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহীন আলী (৪৭), ঈশ্বরদী উপজেলার পূর্ব নুরমহল্লা এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে হারুন-অর-রশিদ (৩৮) এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকার মো. লালন প্রামানিকের ছেলে মো. নাজমুল হোসেন (৩০)।
ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৫৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.