পাবনা প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পাবনায় বিনামূল্যে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পাবনা জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন।
এবারের বিতরণ কার্যক্রমে ১৫টি হুইলচেয়ার, ২টি ট্রাইসাইকেল, ৪টি হিয়ারিং এইড এবং ২টি ফোল্ডিং ওয়াকার বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাপন সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উদ্যোগের আওতায় ইতোমধ্যে পাবনা জেলার ৯টি উপজেলায় মোট ৮৭টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ফোল্ডিং ওয়াকার, ৪টি অক্সিলারি ক্রাচসহ বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.