পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার কোমরপুর বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কোমরপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাসিন্দা মো. আনসার মণ্ডল (৪৮)-কে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পাবনা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করতেন।

এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা জব্দপূর্বক গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।