পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় পৃথক অভিযানে একটি বিদেশি রিভালভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ সূত্র জানায়, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হন এবং অপরজন পালিয়ে যান।
আটক ব্যক্তি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া এলাকার মোঃ সিদ্দিক মোল্লার ছেলে রাব্বী (২৫)। তার কাছ থেকে একটি বিদেশি রিভালভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে এ অভিযানে সংশ্লিষ্ট আরেক আসামি পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এজাহার দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.