পাবনা প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে পাবনায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা মাদকের বৈশ্বিক বিস্তার, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীসহ সমাজের সব শ্রেণির মানুষকে মাদকের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.