পাবনা প্রতিনিধি: পাবনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ক্রীড়াবিদ মাসুদ রানা।

মঙ্গলবার (৯ জুন) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন জেলা প্রশাসক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. এনামুল হক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়াবিদ মাসুদ রানা।

নবনিযুক্ত সদস্য সচিব মাসুদ রানা পাবনার ক্রীড়াঙ্গনে সুপরিচিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট কোচ হিসেবে কাজ করে আসছেন এবং তার প্রশিক্ষণে অনেক খেলোয়াড় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও তিনি একাধিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে দেশের বিভিন্ন স্থানে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ক্রীড়া প্রকল্প “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর পাবনা জেলার সার্বিক দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মাসুদ রানা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।