নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার দীঘুলিয়া-রতনপুর খালের ওপর নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর কাছে যেন উন্নয়নের অপূর্ণ প্রতীক। কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি এখন পর্যন্ত জনসাধারণের কোনো কাজে আসছে না। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও সেতুর দুই প্রান্তে রাস্তার কাজ শুরু হয়নি। এতে ব্রিজে উঠারই কোনো সুযোগ নেই। ফলে মানুষকে এখনো বিকল্প কাঁচা পথ কিংবা ঝুঁকিপূর্ণ উপায়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই পথে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সমস্যার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনার সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে সরকারি অর্থের অপচয় ছাড়া এ প্রকল্পের কোনো সুফল মিলবে না বলে মনে করছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেতুটিকে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.