নিজস্ব প্রতিনিধি: ঈশ্বরদী: ঢাকার মিরপুরে অবস্থিত সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র.)’র মাজারে হামলা, ভাঙচুর ও ভক্তদের ওপর নির্যাতনের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে গণজামায়েত, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দরবার ও মাজার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দরবার, মাজার ও ভক্ত-আশেকান অংশ নেন। প্রতিবাদ সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, জংশন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূফী সাধক গুরুজী এস এম রাজা।

দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহ্বায়ক এবং হযরত কালাচাঁদ ফকির আওলিয়া মাজারের প্রধান খাদেম মো. রেজাউল করিম চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বার।

সভায় আরও বক্তব্য দেন কালাচাঁদ ফকির মাজারের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতারা।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবারে হামলার ঘটনা উদ্বেগজনক। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।