নিজস্ব প্রতিনিধি: পাবনা রেলওয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে ২০২৬) দিবাগত রাতে রাজশাহী রেলওয়ে থানার অধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ফয়সাল বিন আহসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের “চ” বগির ৩ নম্বর সিটে বসে থাকা এক নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ওই নারীর কাছে থাকা সাদা-কালো রঙের একটি ছোট ট্রাভেল ব্যাগের ভেতর থেকে দুইটি পলিথিন প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক নারী লিজা তাবাসসুম (৩২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালা কলোনী এলাকার মৃত আবুল বাশারের মেয়ে।

পরে তাকে গ্রেফতার করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান, রেলপথ ব্যবহার করে মাদক পাচার প্রতিরোধে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।