পাবনা প্রতিনিধি: সমাজসেবা, চিকিৎসাসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিএনপির দুঃসময়ে নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে পাবনার রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম ডা. আহমেদ মোস্তফা নোমান।

বিশ শতকের শুরু থেকেই তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ২০০১ সালে “মেমোরিয়াল ডোনার ক্লাব” প্রতিষ্ঠার মাধ্যমে পাবনা জেলা শহর থেকে শুরু হয় বিনামূল্যে রক্তদান কর্মসূচি, যা পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।

শুধু ক্রীড়াঙ্গন নয়, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। মেধাবী শিক্ষার্থীদের নিজ খরচে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা সফরের আয়োজন করেছেন। দেশের বাইরেও শিক্ষার্থীদের ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নিজের প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠান উন্মুক্ত করে দিয়েছেন এবং জেলার বিভিন্ন উপজেলার তরুণদের চাকরির ব্যবস্থা করেছেন।

চিকিৎসক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও পরিচিত ডা. নোমান। দীর্ঘদিন ধরে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে আসছেন। করোনা মহামারির সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে শত শত রোগীর চিকিৎসা দিয়েছেন এবং বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। একই সময়ে আর্থিক সংকটে থাকা প্রায় সাত হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে কবিতা উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং সাহিত্য ম্যাগাজিন প্রকাশে সহযোগিতা করেছেন।

ধর্মীয় কর্মকাণ্ডেও রয়েছে তার সম্পৃক্ততা। শৈশব থেকেই ইসলামী সংস্কৃতির সঙ্গে জড়িত ডা. নোমান নিজ এলাকায় দীর্ঘদিন ধরে ইসলামী মাহফিল পরিচালনা করছেন। তিনি ঐতিহ্যবাহী মাওলানা মহিউল ইসলাম জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কেন্দ্রীয় নেতাদের আগমনে আপ্যায়ন থেকে শুরু করে দলীয় কর্মসূচিতে নিজের অর্থ ব্যয় করেছেন বলে জানা গেছে।

সম্প্রতি দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ডা. নোমান। ফেনী, কুমিল্লা, লালমনিরহাট ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় তার ত্রাণ সহায়তা পৌঁছেছে।

রাজনৈতিক পরিচয়ে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, ২০১৩ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, ২০১৯ সালে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। বর্তমানে তিনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।