পাবনা প্রতিনিধি: পাবনা জেলায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। নবাগত পুলিশ সুপার মো. ছূফি উল্লাহ দায়িত্ব গ্রহণের পর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলে তারই অংশ হিসেবে জেলাজুড়ে শুরু হয়েছে বিশেষ অভিযান।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে পাবনা সদর থানা পুলিশ উপজেলার চরতারাপুর এলাকার কোলচুরি বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়। পাশাপাশি বালু বোঝাই একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তি মারুফ ইসলাম (২৪)। তিনি সুজানগর উপজেলার রায়পুর খেতরপাড়া গ্রামের কোমল মন্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলন, মাদক কারবার, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে চলমান অভিযান আরও জোরদার করা হবে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।