পাবনা প্রতিনিধি: পাবনা সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন সিএনজিসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ১টা ২০ মিনিটে পাবনা সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজার এলাকায় মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল একটি সিএনজি তল্লাশি চালায়। এ সময় সিএনজি থেকে ১,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নম্বরবিহীন একটি সিএনজি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আলোকদিয়ার এলাকার মো. আব্দুল আলিম প্রামানিক (৪২) এবং গঙ্গাপ্রসাদ এলাকার মো. লিটন সরকার (৪০)।
ডিএনসি জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৮ ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

Leave a Reply
You must be logged in to post a comment.