পাবনা প্রতিনিধি: পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ পুলিশ।

গতকাল বিকেলে ঈশ্বরদীর পাকশী লালন শাহ সেতুসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম। এ সময় নৌ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধভাবে চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ আরও জানায়, অবৈধ চায়না জালের ব্যবহার নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এসব জাল নির্বিচারে মাছ ও পোনাসহ জলজ প্রাণী ধ্বংস করে নদীর স্বাভাবিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

তারা বলেন, অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধ করা গেলে নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ সম্পদ সংরক্ষণ সহজ হবে। এ কারণে পদ্মা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ।