দর্পণ ডেক্স: পাবনায় যৌথ অভিযানে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই এক তরুণ ও তার বান্ধবীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্র একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেটি জব্দ করা হয়।
গত শনিবার ভোররাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকার আশপাশ থেকে ডিবি ও সদর থানা পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে অপহরণের ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া দুইজন হলেন চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামের তরিকুল ইসলাম সনম (১৯) এবং ঈশ্বরদী উপজেলার বাসিন্দা নীলা খাতুন (১৯)।
ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, সনম পাবনা শহরে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি বান্ধবী নীলাকে নিয়ে ভাঁড়ারা শাহী জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। নীলা সেখানে মানত পূরণের জন্য ৫০০ টাকা দান করার কথা ছিল।
পথিমধ্যে অজ্ঞাতনামা একটি চক্র তাদের গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে সনমের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানালে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দলটি পাবনা সদর ও দুর্গম চরাঞ্চল এলাকায় রাতভর অভিযান চালায়।
অবশেষে শনিবার ভোররাতে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। সেটি পরে জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণ ও তরুণী জানান, দুর্বৃত্তরা তাদের আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হওয়া দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
#darpontv24 #দর্পণনিউজ #দর্পণ #চলনবিল #চাটমোহর #ঈশ্বরদী #পাবনা #অপহরণ #উদ্ধার #ডিবি #পুলিশ #মুক্তিপণ #অভিযান #ভাঁড়ারা #মুক্তিপণ #ক্রাইমনিউজ #অভিযান

Leave a Reply
You must be logged in to post a comment.