পাবনা প্রতিনিধি;
পাবনায় তেল ও গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের আওতায় হুকুমদখলকৃত জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) আয়োজিত অনুষ্ঠানে মোবারকপুর ডিপ-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্প সংশ্লিষ্ট জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। এতে প্রকল্প বাস্তবায়ন এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (বেড়া–সুজানগর) আসনের সংসদ সদস্য কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আ স ম মেরাজুল আলম, বাপেক্সের মহাব্যবস্থাপক (নির্মাণ বিভাগ) এস এম কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) ওমর পারভেজসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রকল্প সূত্রে জানা যায়, “৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন” শীর্ষক এই প্রকল্পটি একনেক অনুমোদিত এবং সরকারি উন্নয়ন ঋণ ও নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রায় ১,১৩৬.২৫ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
মোবারকপুর ডিপ-১ কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস পাওয়া গেলে দৈনিক প্রায় ২০ মিলিয়ন ঘনফুট (এমএমএসসিএফ) গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.