বিশেষ প্রতিবেদক, পাবনা: পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে চার ট্রাকচালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনে ব্যবহৃত অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, যানবাহনে নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপন ও ব্যবহারের অপরাধে চারটি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী আটটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া ও মাহফুজ আনান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।