পাবনা প্রতিনিধি: কথার ফাঁদে ফেলে বিশ্বাস অর্জন, এরপর চোখের সামনে কাগজ ধরিয়ে সম্মোহিত করার অভিযোগ। পাবনা শহরে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে প্রায় পৌনে দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আজমুন নাহার বাণী (৫৩)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের মাছুম বাজার এলাকায় কেনাকাটা করতে গিয়ে প্রতারণার শিকার হন বলে অভিযোগ করেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, প্রায় ২৩ বছর বয়সী এক যুবক নিজেকে ঢাকার বাসিন্দা ও মিষ্টির দোকানের কর্মচারী পরিচয় দিয়ে তাঁর কাছে সহযোগিতা চান। ১১ মাসের বেতন না পাওয়ায় একটি জিনিস বিক্রি করতে এসেছেন এবং বিষয়টি জানাজানি হলে মারধরের শিকার হতে পারেন বলে তাঁকে জানান।

প্রথমে সহযোগিতা করতে রাজি না হলেও কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে ওই যুবকের বিপদের কথা বলে তাঁকে আশ্বস্ত করেন। টার্মিনাল মোড়ের ফ্রেশ বেকারিতে জিনিসটি বিক্রি করা যাবে বলেও জানান তিনি। এভাবে দুই ব্যক্তির কথায় বিশ্বাস করে তাঁদের সঙ্গে এগিয়ে যান আজমুন নাহার।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে প্রথম যুবকটি একটি কাগজ বের করে তাঁর চোখের সামনে ধরেন। ওই কাগজে ‘ডেভিলস ব্রেথ’ বা স্কোপোলামিন মেশানো ছিল বলে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়ার কথা অভিযোগে বলা হয়েছে। এরপর তিনি স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং ওই দুই ব্যক্তির কথামতো চলতে থাকেন।

তাঁকে টার্মিনাল মোড়ের বনলতার সামনে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় ব্যক্তি ফ্রেশ বেকারিতে গিয়ে দাড়িওয়ালা আরেকজনকে সঙ্গে নিয়ে আসেন। ওই ব্যক্তি জিনিসটি পরীক্ষা করে ঠিক আছে বলে জানান। পরে টাকা আনতে যাওয়ার কথা বলে সরে পড়েন। এদিকে প্রথম যুবকটি ওই নারীকে নিয়ে টার্মিনালের পূর্ব পাশে সিএনজি স্ট্যান্ডের সামনে যান।

সেখানে দ্বিতীয় ব্যক্তি তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন প্রথম যুবকের হাতে দিয়ে টাকা আনতে যাওয়ার কথা বলেন। তখন প্রথম যুবকটি তাঁকে বিশ্বাস করতে পারছেন না জানিয়ে ওই নারীকে টাকা নিয়ে আসতে বলেন। অভিযোগ, এ সময় তাঁর হাতের এক ভরি ও গলার আনুমানিক ১৩ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে দিতে বলা হয়। তিনি গহনা খুলে তাঁদের কথামতো দোকানে গেলে দোকানপক্ষ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে ফিরে এসে দেখেন, দুই ব্যক্তিই উধাও।

পরবর্তীতে অসংলগ্ন অবস্থায় বাড়ির সামনে পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। একই দিন সন্ধ্যায় একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ তাঁকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর স্কোপোলামিনের প্রভাবের বিষয়টি নিশ্চিত করেন এবং প্রেসক্রিপশনে উল্লেখ করেন বলে অভিযোগে জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, মাছুম বাজার, টার্মিনাল মোড় ও সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হতে পারে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

পাবনা সদর থানার এএসআই জাহাঙ্গীর জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।