পাবনা প্রতিনিধি: পাবনা শহরের চকরামানন্দপুর এলাকায় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে ও যত্রতত্র ফেলে বায়ুদূষণের দায়ে নির্মাণাধীন বহুতল ভবনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ ও ছড়িয়ে-ছিটিয়ে রাখার মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জেলা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।