ককটেল বিস্ফোরণ আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় চেযার ও এসি। ছবি : সংগৃহীত।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভেতরে আগুন ধরে যায়। আগুনে দুটি চেয়ার পুড়ে গেছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও তামারা তাসবিহা জানান, রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের পেছনের দিকের জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটালে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এতে দুটি চেয়ার পুড়ে যায় এবং এসি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, অডিটোরিয়ামের সিসিটিভি ফুটেজে মুখ বাঁধা তিন ব্যক্তিকে জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অডিটোরিয়ামের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.