পাবনা প্রতিনিধি: পাবনা জেলার তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থ বিতরণের কার্যক্রম শুরু করেছে।

কৃষি ও কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হস্তশিল্প, মৎস্য, পশু পালন, পর্যটন, সেবা, সোলার বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তি ভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ রপ্তানি ও অন্যান্য বৈধ ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু অর্থের অভাবে করতে পারছেন না—এমন উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের এই প্রণোদনার অর্থোয়ন করা হবে।

পাবনা জেলার যে সকল তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী উক্ত ঋণ নিতে আগ্রহী, তাঁদের খুব শীঘ্রই পাবনা চেম্বার অব কমার্সের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এই ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনে আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: ফোরকান রেজা বিশ্বাস বাদশা ও পরিচালক হারুন অর রশীদের সাথে যোগাযোগ করতে পারেন সোনাপট্টিস্থ চেম্বারের নিজস্ব কার্যালয়ে।