পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকায় নাসির ওয়েল অ্যান্ড ফিড কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে আফতারের ঢাল এলাকার টিকোরিতে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানার মালিক নাসির ফিড উৎপাদনের প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া বাদাম ও সরিষার তেল মিশিয়ে ভেজাল করার অভিযোগের বিষয়ে এবং উৎপাদিত তেল কোথায় সরবরাহ করা হয়, সে সংক্রান্ত উপযুক্ত প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন তিনি।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অবৈধভাবে পণ্য প্রক্রিয়াকরণ এবং ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে যথাযথ নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য কারখানা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করে পাবনা এসআরবি-এর একটি চৌকস দল এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।