পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনারুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে সদর থানার চরকোষাখালী গ্রামের কালভার্টসংলগ্ন লঞ্চঘাট থেকে শিলাইদহঘাটগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আনারুল ইসলামকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনারুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী থানার চর সাদিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. সরোয়ার প্রাং এবং মা মোছা. আম্বিয়া খাতুন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল উদ্ধার করা ইয়াবা অবৈধভাবে নিজের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a Reply
You must be logged in to post a comment.