পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিমাপের ডিজিটাল যন্ত্রসহ রাজু খাঁ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) পাবনা সদর উপজেলার মালঞ্চি গ্রামে অভিযান চালিয়ে নিজ দখলে থাকা ভাড়া বাসার শয়নকক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপপরিদর্শক মো. জামালুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজু খাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার রাজু খাঁ পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া গ্রামের মৃত আনছার খাঁর ছেলে।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মো. জামালুর রহমান বাদী হয়ে রাজু খাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসে ২৩ অক্টোবর পর্যন্ত মাদক অপরাধে মোট ৮৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।