পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের দায়ে আরও দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাবনা জেলার ঈশ্বরদী ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা দোকানপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বসতঘর থেকে ২২ পিস ইয়াবাসহ জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় সুমন (৩২) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা করেছেন।
অন্যদিকে, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সাইফুল (৩৫) ও সূর্য প্রাং (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে ডিএনসির উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, অক্টোবর মাসে ২২ তারিখ পর্যন্ত পাবনায় মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৮৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.